ইনস্টাগ্রামে এক স্ট্রিমেই চারজন লাইভ আসার সুযোগ

২ মার্চ, ২০২১ ০০:৫৫  
ইনস্টাগ্রাম তাদের লাইভ ফিচারটিকে আরও কার্যকরী ও জনপ্রিয় করতে চাইছে। এরই ধারাবাহিকতায় একই স্ট্রিমে চারজনকে লাইভ আসার সুযোগ করে দেয়া হচ্ছে। লাইভ রুমস নামের এই ফিচারটি ইতিমধ্যেই চালু হয়েছে। ধারাবাহিকভাবে সকল গ্রাহকই ফিচারটি পেয়ে যাবেন। এক বিবৃতিতে ইনস্টাগ্রাম জানিয়েছে, টকশো, জ্যাম সেশন এবং গ্রুপ টিউটোরিয়ালের মতো বিষয়গুলোতে একের অধিক বন্ধুদের সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে এই ফিচারের মাধ্যমে। ২০২০ সালের লকডাউনের পর থেকেই ইনস্টাগ্রামের লাইভ ফিচারটি অধিক ব্যবহৃত হয়ে আসছে। এমনকি বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে এই প্লাটফর্মের মাধ্যমে জনসচেতনতা তৈরিসহ সেলিব্রেটিদের অংশগ্রহণে সাক্ষাতকার প্রচার করা হয়েছে। গত বছর থেকে প্লাটফর্মটি লাইভ স্ট্রিমকে ওয়েবেও দেখার সুযোগ করে দিয়েছে। ফলে প্রয়োজনে বড় স্ক্রিণে লাইভ স্ট্রিমিং দেখা যায়। এছাড়া আইজিটিভিতে সেভ করে পরবর্তীতে দেখার সুযোগও রয়েছে। গত অক্টোবরে এক ঘন্টার পরিবর্তে সর্বোচ্চ চার ঘন্টার লাইভ স্ট্রিমিং সেবা চালু করে ইনস্টাগ্রাম। ডিবিটেক/বিএমটি